এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৯:২৪
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ হবে। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই; শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
যেভাবে ফল জানা যাবে: শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।
মোবাইল ফোনে এসএমএসে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
- বিষয় :
- এইচএসসি
- এইচএসসির ফল
- পরীক্ষা
- শিক্ষা মন্ত্রণালয়