বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু আগামী ১ জানুয়ারি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৫:০৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১৫:২৭
সাভারে দীর্ঘদিন অবহেলিত ও পড়ে থাকা ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’ (বিআইএইচএম) আগামী বছরের ১ জানুয়ারি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব ধরনের সংস্কার কাজ শেষ করে প্রতিষ্ঠানটিকে পুরোপুরি প্রস্তুত করা হবে এবং উদ্বোধনের পর থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আজ শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের অবকাঠামো পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য সচিব, ড্যাব মহাসচিব এবং গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্তের একটি যৌথ টিম সরেজমিন পরিদর্শন করে ভবনের নষ্ট বা চুরি যাওয়া সরঞ্জামের তালিকা (ইনভেন্টরি) তৈরি করবে। এছাড়া গণপূর্ত বিভাগ আগামী এক-দুই দিনের মধ্যেই কর্মকর্তাদের বসার জায়গা ও বিদ্যুৎ সাব-স্টেশন চালুকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে।
বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন— ‘উই হ্যাভ এ প্ল্যান’ (আমাদের একটি পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না, বরং জনসেবার রাজনীতি করবে বলে তিনি উল্লেখ করেন।
অবকাঠামো পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) আসনের স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম এবং অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান প্রমুখ।
- বিষয় :
- বাংলাদেশ
- স্বাস্থ্য
- স্বাস্থ্য প্রতিমন্ত্রী