গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: মন্ত্রী জাকারিয়া
সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৮:৫৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১৯:২৩
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি-পদায়নে অনিয়ম-দুর্নীতি বন্ধে লটারির মাধ্যমে স্বচ্ছ পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অনিয়মের অভিযোগ ছিল। কীভাবে তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তা বিবেচনা করেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছু গণমাধ্যম এটাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বা মন্ত্রণালয় কোনো ভালো উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে তার ইতিবাচক দিকগুলো সংবাদে যথাযথভাবে উঠে আসে না। কোনো ধরনের ব্যক্তিগত তদবির বা প্রভাব যেন বদলি ও পদায়নের ক্ষেত্রে কাজ না করে, সে জন্য সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়েছে। ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিবেচনার বিষয়ও থাকে। সে বিষয়গুলোও আমরা বিবেচনায় নিয়েছি।
তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করার প্রবণতা কোনো কোনো গণমাধ্যমকে করতে দেখা গেছে। সেটা সবার জন্য কষ্টদায়ক।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার নেতা মো. জামাল হোসেন।
- বিষয় :
- গণপূর্তমন্ত্রী