ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের হামলা-ভাঙচুর না করার অনুরোধ জানিয়ে আশুলিয়ায় পুলিশের মাইকিং

তিন কারখানার শ্রমিকদের কর্মবিরতি, কাজে ফিরেছেন দুই কারখানার শ্রমিক

পোশাক শ্রমিকদের হামলা-ভাঙচুর না করার অনুরোধ জানিয়ে আশুলিয়ায় পুলিশের মাইকিং
×
×

কারখানায় হামলা ও ভাঙচুর না করার অনুরোধ জানিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করছে পুলিশ। ছবি-সাহাদাত হোসেন পরশ

সমকাল প্রতিবেদক, আশুলিয়া থেকে

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১০:৫১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১০:৫৮

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় তিনটি কারখানার শ্রমিকরা সকালে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। তবে পরে আল মুসলিম ও নিউ এইজ কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। বর্তমানে একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন।

কর্মবিরতি পালন করা তিনটি কারখানা হলো নিউ এইজ, আল মুসলিম ও ট্রাউজার লাইন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বিভিন্ন কারখানার সামনেও রয়েছে সতর্ক পাহারা। অধিকাংশ কারখানায় শ্রমিকদের স্বাভাবিকভাবে প্রবেশ করতে দেখা গেছে।

আশুলিয়ায় কারখানার সামনে পুলিশের অবস্থান। ছবি-সাহাদাত হোসেন পরশ

এদিকে শ্রমিকদের শান্ত থাকার এবং কোনো কারখানায় হামলা ও ভাঙচুর না করার অনুরোধ জানিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করছে পুলিশ। অটোরিকশা ও পুলিশের গাড়িতে মাইক লাগিয়ে এ প্রচারণা চালানো হচ্ছে। এ সময় সরকার নতুন মজুরি বোর্ড গঠন করছে জানিয়ে শ্রমিকদের আশ্বস্ত করা হচ্ছে। পুলিশ বলছে, নতুন মজুরি বোর্ডের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বর্তমানে একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

পুলিশ সুপার আরও জানান, সুমিত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ-সংলগ্ন এলাকায় পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×