শিল্পপতি শওকত আজিজ রাসেল কারাগারে
দুর্নীতির মামলায় আত্মসমর্পণ
শওকত আজিজ রাসেল
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২০:১৭
রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম রোববার এ আদেশ দেন।
এদিন রাসেল আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাংবাদিকদের বলেন, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষের আইনজীবীরা এ মামলায় রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন আবেদন করেন।
একইসঙ্গে কারাগারে ডিভিশন চাওয়া হয়। পরে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।