রিহ্যাবের কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২০:২০
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) -এর কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রোববার এ আদেশ দেন। এর ফলে রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে আপাতত কোনো বাধা নেই।
১৭ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা হয়। আইনজীবী কামরুল বিন আজাদের সাটিফাইড (সনদপত্র) কপিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা একটি চিঠির মাধ্যমে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া যে কোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হয়।
ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক হাইকোর্টে রিট করেন। আইনজীবীর সনদপত্র অনুযায়ী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।
এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন করে স্বাভাবিক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংগঠনটির বোর্ড সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ১৭ অক্টোবরের নির্দেশনার কারণে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, তা আপাতত কার্যকর থাকছে না।