ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‘নিরাপত্তা শঙ্কায়’ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

‘নিরাপত্তা শঙ্কায়’ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৮:৩৬

জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে প্রদর্শনীটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও তার আগেই আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাদুঘর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে বলেন, অনুষ্ঠানটির বিষয়ে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে। আমরা সেটি আয়োজকদের জানাই। পরে তারা আর অনুষ্ঠান করেননি। পুলিশ অনুষ্ঠান করতে বাধা দিয়েছে– বিষয়টি এমন নয়।

‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শিরোনামে প্রদর্শনীটি ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে আজ বিকেল ৪টায় উদ্বোধনী আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামকে।

প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান তুলে ধরার পরিকল্পনা ছিল আয়োজকদের। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও তাদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে। তাদের স্মরণে প্রতিবছর দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।

আরও পড়ুন

×