হামের টিকা নিয়ে অনিয়ম-ব্যর্থতা তদন্তে কমিশন
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০০:৪০
হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ের দায়-দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামুন রহমানকে সভাপতি করে গঠিত এই কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশন ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের ঘটনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় চিহ্নিত করবে।
তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন, যেকোনো ব্যক্তিকে তলব এবং জিজ্ঞাসাবাদ করতে পারবে। টিকা কেনা ও বিতরণে কী কারণে সময়ক্ষেপণ হয়েছে, কোথায় অনিয়ম হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বশীলদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও করবে।
আজ বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের অন্য দুই সদস্য হলেন- বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মইনুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সময়ের দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে এ তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের কার্যপরিধিতে তিনটি বিষয় নির্ধারণ করা হয়েছে। প্রথমত, হামের টিকা কেনা ও বিতরণে সময়ক্ষেপণ, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব চিহ্নিত করা। দ্বিতীয়ত, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ দেওয়া। তৃতীয়ত, কমিশনের বিবেচনায় এ-সংক্রান্ত অন্য কোনো সুপারিশ থাকলে তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা।
কমিশনের তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সচিবিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। এ ছাড়া কমিশনের চাহিদা অনুযায়ী তদন্তের ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় জনবল সরবরাহ করবে বিভাগটি।
- বিষয় :
- হামের উপসর্গ