নভেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:২৬
টানা তৃতীয় মাসে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বেড়েছে। নভেম্বর মাসে লিটারে ৬ টাকা ৩২ পয়সা বেড়ে ১৮৯ টাকা ০৩ পয়সা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে যা এদিন রাত ১২টা থেকে কার্যকর হবে। নতুন ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক রুটের জন্য জেট ফুয়েলের দর হবে প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ ডলার।
টানা তিন দফায় উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম কমার পর গত অগাস্টে এসে এই জ্বালানির দাম লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করেছিল সরকার। সেপ্টেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়। অক্টোবর মাসে লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সা হয়েছে।
কমিশনের আদেশে বলা হয়, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে জেট এ-১-এর প্লাটস রেটের গড়, একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সবশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে অভ্যন্তরীণ রুটে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
তার আগে জুনের জন্য দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। এর আগে ৭ মে প্রতি লিটার দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।