ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ঢাবিতে এখনো এক টাকা জরিমানা, জমা দিতে হয় ব্যাংকে

ঢাবিতে এখনো এক টাকা জরিমানা, জমা দিতে হয় ব্যাংকে
×
×

ব্যাংকে জমা দেওয়ার জরিমানার নথি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৯:৫২

বই ফেরত দিতে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জরিমানা দিতে হয়েছে এক টাকা। তবে সেই টাকা পরিশোধ করতেও তাকে যেতে হয়েছে ব্যাংকে, দাঁড়াতে হয়েছে লাইনে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের এই পুরোনো নিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, সামান্য এক টাকা জরিমানা আদায়ে ব্যাংকে যাওয়ার নিয়ম এখনো কেন চালু রয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ফেসবুকে নিজের এ অভিজ্ঞতার কথা জানান। তিনি লেখেন, বিজ্ঞান গ্রন্থাগার থেকে নেওয়া একটি বই নির্ধারিত সময়ের ৮ থেকে ৯ দিন পর জমা দেওয়ায় তার এক টাকা জরিমানা হয়েছে। সেই টাকা পরিশোধ করতে তাকে টিএসসির জনতা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে।

ওই শিক্ষার্থী ফেসবুকে লেখেন, ‘ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি একটা বই ৮-৯ দিন দেরিতে জমা দেওয়ার কারণে আমাকে ১ টাকা জরিমানা করেছে! এখন আমাকে টিএসসি জনতা ব্যাংকে যেতে হবে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আর তারপর একটা মাত্র কয়েন দিয়ে সেই জরিমানা পরিশোধ করতে হবে।’

পরে রাতে ওই শিক্ষার্থী জানান, পূজার ছুটির আগে বিজ্ঞান গ্রন্থাগার থেকে বইটি নিয়েছিলেন তিনি। ২২ অক্টোবর ছিল বই ফেরত দেওয়ার শেষ দিন। তবে ৩ নভেম্বর বই জমা দিতে গেলে ২২ অক্টোবর থেকে হিসাব করে এক টাকা জরিমানা করা হয়।

ওই শিক্ষার্থী বলেন, তার হল কাছাকাছি হওয়ায় খুব একটা ভোগান্তি হয়নি। তবে অন্য হলে থাকলে বিজ্ঞান গ্রন্থাগার থেকে টিএসসির জনতা ব্যাংকে গিয়ে জরিমানা পরিশোধ করা বেশ ঝামেলার হতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ওয়েবসাইটে বই ফেরতে দেরির জরিমানার বিষয়ে দুটি ভিন্ন তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের ‘ফাইন ডিটেইলস’ অংশে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ৫০ পয়সা, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে এক টাকা এবং পঞ্চম সপ্তাহ থেকে তিন টাকা জরিমানার কথা উল্লেখ রয়েছে। তবে এই জরিমানা প্রতি সপ্তাহের জন্য, নাকি নির্ধারিত সময়ের মোট জরিমানা, তা স্পষ্ট করা হয়নি।

অন্যদিকে একই ওয়েবসাইটে প্রকাশিত গ্রন্থাগারের অধ্যাদেশভিত্তিক নীতিমালার ১৪ নম্বর বিধিতে শিক্ষার্থীদের প্রতি বইয়ের জন্য প্রতি সপ্তাহ বা সপ্তাহের অংশবিশেষের বিলম্বে ২৫ পয়সা জরিমানার কথা বলা হয়েছে। ওই বিধি অনুযায়ী, জরিমানার টাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরে নগদে আদায় করার কথা। তবে বর্তমানে শিক্ষার্থীদের ব্যাংকে গিয়ে জরিমানা পরিশোধ করতে হচ্ছে। ফলে জরিমানার পরিমাণ ও টাকা আদায়ের পদ্ধতি নিয়ে ওয়েবসাইটের দুই অংশে ভিন্ন তথ্য রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল বলেন, এক টাকা জরিমানা হলেও তা ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয়, বিষয়টি তার জানা ছিল না। কাগজপত্র ঘেঁটে তিনি দেখেছেন, জরিমানা আদায়ের এ নিয়ম ১৯৭৫ সাল কিংবা স্বাধীনতার আগে থেকেই চালু রয়েছে।

গ্রন্থাগার পরিচালক বলেন, সামনে গ্রন্থাগার কমিটির সভা রয়েছে। সেখানে বিষয়টি তুলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। জরিমানার পরিমাণ সামান্য হওয়ায় অনলাইনে তা পরিশোধের ব্যবস্থা করা যায় কিনা, সে উদ্যোগ নেওয়া হবে।

বই ফেরত দিতে দেরি করা কিংবা বই হারিয়ে ফেলার ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে বলেও জানান গ্রন্থাগার পরিচালক। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত বই হারালে ওই বইয়ের দাম পরিশোধ করতে হয়। তবে পুরোনো বইয়ের ক্ষেত্রে নিয়ম ভিন্ন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ১৯৬০ সালের কোনো বইয়ের গায়ে দাম ৫০ পয়সা লেখা থাকলে সেটির জন্য আলাদা নিয়ম অনুসরণ করতে হয়।

আরও পড়ুন

×