‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নামে কোস্টগার্ডের চার জাহাজের নাম বদল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২১:২০
জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে পাঁচটি জাহাজের নতুন নাম অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ নামে। আর ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য কোস্টগার্ডকে নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে নতুন নামের প্রস্তাব পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে প্রস্তাবগুলো অনুমোদন করে বৃহস্পতিবার চিঠির মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, চারটি জাহাজের নতুন নাম যাঁদের নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন। তাঁদের স্মরণে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে।
- বিষয় :
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- জয় বাংলা
- কোস্টগার্ড