ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা
×
×

শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় কয়েক দিন বন্ধ থাকার পর খুলেছে পোশাক কারখানাগুলো। একটি পোশাক কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। গতকাল রোববার গাজীপুর শিল্পাঞ্চল থেকে তোলা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক, ঢাকা এবং নিজস্ব প্রতিবেদক, সাভার ও গাজীপুর প্রতিনিধি ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ১০:১১

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর সাভার-আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাকশিল্প এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। এদিকে আজ সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক বসছে। 

সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে গতকাল রোববার সকাল থেকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। উৎপাদন কার্যক্রমও চলেছে স্বাভাবিকভাবে। তবে শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়ার প্রায় ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আরও চারটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

গতকাল সকালে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল, নিশ্চিন্তপুর, কাঠগড়া, শিমুলিয়াসহ সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়েই শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করছেন। অধিকাংশ কারখানার ফটকে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কারখানার ভেতরে উৎপাদন কার্যক্রম চালাতে দেখা গেছে। 

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ রয়েই গেছে। শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের বিক্ষোভের মুখে অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিছু কারখানায় শ্রমিকরা সকালে কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। কয়েকটি কারখানায় দুপুরের পর শ্রমিকরা কাজে ফেরেননি।

এদিকে সকালে আশুলিয়ার ছয়তলা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভারে সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা।

গাজীপুরে প্রায় শতভাগ কারখানা খোলা টানা কয়েক দিনের অস্থিরতা, সড়ক অবরোধ ও কারখানা বন্ধের পর গাজীপুরের শিল্পাঞ্চলেও কর্মচাঞ্চল্য ফিরেছে। গতকাল সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা কারখানাগুলোও খুলে দেওয়া হয়। দুটি কারখানা ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা উত্তেজনার খবর পাওয়া যায়নি।

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, প্রায় শতভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন।

মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক আজ

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরির পরিমাণ কত হওয়া উচিত– এ ব্যাপারে পৃথক লিখিত প্রস্তাব দেবে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ। পোশাক খাতের সব পদে ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত ‘নিম্নতম মজুরি বোর্ড’-এর দ্বিতীয় বৈঠক আজ সোমবার এ প্রস্তাব দেওয়া হবে। রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে আরও দুজন সদস্য মজুরি বোর্ডে অর্ন্তভুক্ত করা হবে।

গত বুধবার মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে মালিক ও শ্রমিক পক্ষ একমত হন। অর্থাৎ ডিসেম্বর মাসের মজুরি জানুয়ারি মাসে উত্তোলনের সময় নতুন কাঠামোয় মজুরি পাবেন শ্রমিকরা। এরপর থেকে শ্রমিকদের আন্দোলন কিছুটা কমে আসে। 

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

×