চার সংসদীয় কমিটি পুনর্গঠন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২২:৫৭
জাতীয় সংসদের চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও রয়েছে। এই পুনর্গঠনের মাধ্যমে কিছু সদস্যকে পরিবর্তন করা হয়েছে এবং নবনির্বাচিত আইনপ্রণেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদীয় কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাবগুলো উত্থাপন করেন। যা কণ্ঠভোটে পাস হয়।
পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত ১২ সদস্যের বিশেষ কমিটিতে বিএনপির সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের পরিবর্তে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই কমিটির সভাপতি। এর আগে এই কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন।
প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে আমরা বিরোধীদলের সদস্যদের জন্য বরাবরই আমন্ত্রণ খোলা রেখেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আমাদের দরজা তাদের জন্য খোলা থাকবে। তারা যদি যোগ দিতে চান, তবে আমরা তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করব।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিনকে। সম্প্রতি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে।
এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বারী সরদারের পরিবর্তে তার দলেরই মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে নূরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোসলেহ উদ্দিন ফরিদ। তাই তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
- বিষয় :
- জাতীয় সংসদ
- সংসদীয় কমিটি