সাক্ষাৎকার: গ্রেটা থুনবার্গ
জলবায়ু সম্মেলন এখন এক ধরনের গ্রিনওয়াশ
বিশ্ব জলবায়ু সম্মেলন
তুরস্কের আনতালিয়ায় গতকাল বুধবার কপ৩১ সম্মেলন কেন্দ্রে গ্রেটা থুনবার্গ - সংগৃহীত
জাহিদুর রহমান
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৯:০৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১১:০১
| প্রিন্ট সংস্করণ
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এসেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে তরুণদের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তিনি। সম্মেলনের ফাঁকে জলবায়ু সংকট, বিশ্বনেতাদের ভূমিকা, মুনাফাকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং তরুণদের আন্দোলন নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন জাহিদুর রহমান
সমকাল: পাঁচ বছর পর আবার জলবায়ু সম্মেলনে এলেন। এই দীর্ঘ বিরতির পর কপ৩১-এ এসে আপনার মূল্যায়ন কী?
গ্রেটা থুনবার্গ: পাঁচ বছর ধরে জলবায়ু সম্মেলনের বাইরে থাকলেও জলবায়ু সংকটের পরিস্থিতি তো থেমে থাকেনি। বরং সংকট আরও গভীর হয়েছে। বিজ্ঞানীরা এবং জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা মানুষ বহু বছর ধরে যে বিপর্যয়ের সতর্কবার্তা দিয়ে আসছেন, সেগুলো এখন আরও স্পষ্ট হচ্ছে। এই বাস্তবতায় সম্মেলনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। কারণ, কপের মাধ্যমে জলবায়ু বিপর্যয় ঠেকানোর জন্য যা করা প্রয়োজন, তা এখনও নিশ্চিত করা যায়নি।
সমকাল: জলবায়ু সম্মেলনগুলোকে কীভাবে মূল্যায়ন করবেন?
গ্রেটা থুনবার্গ: কপগুলো এখন গ্রিনওয়াশিংয়ের (প্রতারণামূলক কৌশল, যেখানে কোনো প্রতিষ্ঠান নিজেদের পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়) সার্কাসে পরিণত হয়েছে। এটাই বাস্তবতা। প্রতিবছর সম্মেলন হয়, নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব কাজের মিল থাকে না। সম্মেলনের আয়োজক দেশগুলো নিজেদের পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার সুযোগ পায়। অথচ অনেক ক্ষেত্রেই তাদের কর্মকাণ্ডের সঙ্গে সেই প্রচারের মিল নেই। সম্মেলনের আলোচনায়ও এমন শিল্পের স্বার্থসংশ্লিষ্ট লবিস্টরা উপস্থিত থাকেন, যাদের ব্যবসা ও মুনাফা জলবায়ু সংকটকে আরও বাড়িয়ে তুলছে। তবে এর অর্থ এই নয়, আমাদের সম্মেলন থেকে সরে আসতে হবে। মানুষকে সংগঠিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা আন্দোলনকর্মীরা এখানে এসেছি, ক্ষমতাসীনদের কয়েক দশক ধরে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে।
সমকাল: এত বছর ধরে সম্মেলন হচ্ছে, প্রতিশ্রুতিও আসছে। তারপরও জলবায়ু সংকট কেন কমছে না?
গ্রেটা থুনবার্গ: কারণ, শুধু প্রতিশ্রুতি দিয়ে সংকটের সমাধান হয় না। যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। জলবায়ু বিপর্যয়ের বিষয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন। যেসব মানুষ সরাসরি এর প্রভাবের মধ্যে বসবাস করছেন, তারাও একই সতর্কবার্তা দিয়েছেন। কিন্তু তাদের কথা যথেষ্ট গুরুত্ব পায়নি। আমাদের এটাও স্বীকার করতে হবে, কপ একা জলবায়ু বিপর্যয় ঠেকানোর জন্য যথেষ্ট নয়। সম্মেলনের বাইরে এবং ভেতরে– সব জায়গায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমকাল: জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের সবচেয়ে বড় ব্যর্থতা কী?
গ্রেটা থুনবার্গ: জলবায়ু পরিবর্তন আমাদের সবকিছুকে হুমকির মুখে ফেলছে। আমরা যা কিছু এবং যাদের ভালোবাসি, সবকিছুই ঝুঁকিতে। অথচ মানুষের সুরক্ষা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বরং অল্প কয়েকজনের বিপুল মুনাফা এবং ভূরাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য বিশ্বের অধিকাংশ মানুষ ও পৃথিবীকে বিসর্জন দেওয়া হচ্ছে। আমাদের কাজ হওয়া উচিত মানুষের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। মুষ্টিমেয় মানুষের স্বার্থে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সমকাল: জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর কথা বলা হলেও এ বিষয়ে কার্যকর অগ্রগতি কম। এর কারণ কী?
গ্রেটা থুনবার্গ: জলবায়ু সংকটের পেছনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বড় ভূমিকা রাখছে। কিন্তু এই খাতের সঙ্গে যুক্ত স্বার্থ ও মুনাফা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে। সম্মেলনে জলবায়ু সংকটের কথা বলা হচ্ছে, আবার একই সঙ্গে এমন শিল্পের স্বার্থ রক্ষার সুযোগও তৈরি হচ্ছে, যাদের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর। প্রতিবছর আয়োজক দেশগুলো নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ পায়। অথচ তাদের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। শুধু পরিবেশবান্ধব হওয়ার প্রচার করলেই হবে না, বাস্তবে কী করা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।
সমকাল: তাহলে কি বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই জলবায়ু সংকটের সমাধান সম্ভব?
গ্রেটা থুনবার্গ: আমি ব্যক্তিগতভাবে এই বিদ্যমান ব্যবস্থার অংশ হতে আগ্রহী নই। আমি ভিন্ন কিছু গড়ে তোলার চেষ্টা করতে চাই। আমার মতো আরও অনেক মানুষ একইভাবে ভাবেন। এ কারণেই আমরা বারবার ফিরে আসি, কথা বলি এবং লড়াই চালিয়ে যাই। সমস্যাটি শুধু কোনো একটি দেশ বা নির্দিষ্ট অঞ্চলের নয়। বিশ্বের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপে একই চিত্র দেখা যাচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই এই সমস্যার বৈশিষ্ট্যগুলো রয়েছে। মুনাফা ও ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হলে মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎ উপেক্ষিতই থেকে যাবে।
সমকাল: আপনাদের সমালোচনায় ক্ষমতাসীনদের প্রতিক্রিয়া কেমন?
গ্রেটা থুনবার্গ: যাদের কর্মকাণ্ডের সমালোচনা করা হচ্ছে, তারা জানেন আমরা তাদের বক্তব্য ও কাজের মধ্যে থাকা অসংগতি দেখতে পাচ্ছি। আমরা তাদের মিথ্যা এবং তাদের ব্যবস্থার প্রকৃত চরিত্র বুঝতে পারি। এ কারণেই অনেক সময় তারা আন্দোলনকর্মীদের সমালোচনা করেন। কিন্তু এসব কারণে আমাদের থেমে গেলে চলবে না। মানুষের জীবন ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা এবং জবাবদিহি দাবি করা জরুরি।
সমকাল: দীর্ঘদিনের আন্দোলনের পরও কাঙ্ক্ষিত পরিবর্তন না এলে হতাশা তৈরি হয় না?
গ্রেটা থুনবার্গ: ক্ষমতাসীনদের কাছ থেকে আমরা অনেক বেশি কিছু মেনে নিয়েছি। তারপরও ‘না’ বলার সময় এখনও ফুরিয়ে যায়নি। প্রতিরোধ গড়ে তোলার এবং ভিন্ন কিছু নির্মাণে কাজ করার সময়ও শেষ হয়ে যায়নি। পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আমরা যদি বর্তমান ব্যবস্থার অন্যায় ও অসংগতিগুলো মেনে নিই, তাহলে পরিবর্তনের কোনো পথ তৈরি হবে না।
সমকাল: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য খুব সামান্য দায়ী হলেও বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির উপকূলীয় মানুষ ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জন্য আপনার বার্তা কী?
গ্রেটা থুনবার্গ: জলবায়ু সংকটের জন্য যারা সবচেয়ে কম দায়ী, তারাই অনেক ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বাস্তবতা আমাদের জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নটি সামনে আনতে বাধ্য করে। যেসব মানুষ সংকটের জন্য দায়ী নন, তাদের জীবন ও ভবিষ্যৎ যেন অন্যদের মুনাফা ও ক্ষমতার স্বার্থে বিসর্জন না যায়, তা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা মানুষের সুরক্ষা ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
সমকাল: বিশ্বের তরুণরা কেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এত সোচ্চার?
গ্রেটা থুনবার্গ: তরুণরা তাদের চোখের সামনে নিজেদের ভবিষ্যৎ কেড়ে নিতে দেখছেন। অনেক সময় যারা তাদের ভালোবাসেন বলে দাবি করেন, তাদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডই তরুণদের ভবিষ্যৎকে বিপন্ন করছে। এ কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণরা প্রকৃত পরিবর্তনের দাবি জানাচ্ছেন। তারা শুধু প্রতিশ্রুতি শুনতে চান না। তারা এমন পদক্ষেপ দেখতে চান, যা তাদের জীবন, ভবিষ্যৎ এবং পৃথিবীকে সুরক্ষিত করবে।
সমকাল: কপ৩১ থেকে আপনার প্রত্যাশা কী?
গ্রেটা থুনবার্গ: সম্মেলন মানুষের মধ্যে সংগঠিত হওয়ার এবং আন্দোলন গড়ে তোলার একটি সুযোগ। আমরা এখানে এসেছি ক্ষমতাসীনদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে। তবে এটাও স্বীকার করতে হবে, কপ একা জলবায়ু বিপর্যয় ঠেকাতে পারবে না। সম্মেলনের আলোচনা ও প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে মুনাফা এবং ভূরাজনৈতিক ক্ষমতার ঊর্ধ্বে স্থান দিতে হবে।
- বিষয় :
- সাক্ষাৎকার
- বিশ্ব জলবায়ু সম্মেলন
- তুরস্ক