ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৭:১৪

সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধ করতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়া সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

আইনজীবীরা বলেন, ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরে ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষে এই মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চান। কিন্তু আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই নির্দেশনা দেওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরে ইটভাটা মালিকদের পক্ষ হতে আদেশ সংশোধন করে জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার প্রার্থনা করা হয় এবং শুনানি শেষে হাইকোর্ট ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন। ওই আদেশের পর বিভিন্ন ইটভাটার মালিকরা একাধিক আপিল দায়ের করে আদেশের ওপর স্থগিতাদেশের প্রার্থনা করলেও আপিল বিভাগের চেম্বার জজ কোনো স্থগিতাদেশ দেননি।

বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে মর্মে সংবাদ পেয়ে এইচআরপিবির পক্ষে একটি আবেদন দাখিল করে আদালতে অবৈধ ইটভাটা অপসারণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের প্রার্থনা করা হয়। শুনানি শেষে সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধ করতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন

×