আট মাস পর হামে মৃত্যুশূন্য দিন
ডেঙ্গুতে মৃত্যু ২
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:৫৫
দেশে আট মাসের বেশি সময় পর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুশূন্য দিন পার হয়েছে। আজ সোমবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩২১ জনের। অন্যদিকে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫২ জনের। তবে গত ২৪ ঘণ্টায় এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৬ হাজার ২৩২ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু
এদিকে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ১ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২০। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৪০। প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৯২৯ জন।