বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ, ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২১:০৯
চলতি মাসে পরপর দুটি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে এখন বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে আগামী বুধবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে বাড়তে পারে শীতের অনুভূতি।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আগামী বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।
এদিকে শীতের মৌসুমে হিন্দুকুশ হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়তে পারে। এল নিনোর প্রভাবের পাশাপাশি আবহাওয়ার এই অস্বাভাবিক প্রবণতা শীতকালীন পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। বাংলাদেশসহ নেপাল ও আফগানিস্তানেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
‘এইচকেএইচ উইন্টার আউটলুক ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিমোড), বেইজিং নরমাল ইউনিভার্সিটি এবং চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব অ্যাটমোসফেরিক ফিজিকস যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহত্তর হিন্দুকুশ হিমালয় অঞ্চলে এবার বৃষ্টিপাতের ধরনে বড় অনিয়ম দেখা দিতে পারে। কোনো কোনো এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলেও অন্য এলাকায় শুষ্ক পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও দাবানলের ঝুঁকিও রয়েছে।
আইসিমোডের বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, পশ্চিম হিমালয়ে ভারী বৃষ্টি ও তুষারপাত পাহাড়ি এলাকাকে বিপজ্জনক করে তুলতে পারে। এতে পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে ভূমিধসের আশঙ্কা বাড়বে। পাহাড়ের নিচু এলাকায় ভারী বৃষ্টি এবং উঁচু এলাকায় অতিরিক্ত তুষারপাতের সম্মিলিত প্রভাবে শীতকালে আকস্মিক দুর্যোগের ঝুঁকি তৈরি হতে পারে।
আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমারজুড়ে বিস্তৃত হিন্দুকুশ হিমালয় অঞ্চল। এ অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন পাহাড়ি জনপদের পাশাপাশি নদী অববাহিকা ও নিম্নাঞ্চলের মানুষের জীবনযাত্রায়ও প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে এমন সতর্কতার পেছনে চলতি বছরের নেপালের ভয়াবহ দুর্যোগের অভিজ্ঞতাও সামনে এসেছে। হিমবাহের হ্রদ উপচে পড়ার ঘটনায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। পানির প্রবল স্রোতে পথে থাকা ঘরবাড়ি, স্থাপনা ও অন্যান্য অবকাঠামো ভেসে যায়। এতে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। ভোতে কোশি-ত্রিশূলি নদী করিডরে হিমবাহের বরফ ও পাথর ধসে পড়ার কারণে এ বন্যার সৃষ্টি হয়েছিল। নতুন শীতকালীন পূর্বাভাসে হিমালয় অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাব্য পরিবর্তনকে তাই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিজ্ঞানীরা।
- বিষয় :
- বঙ্গোপসাগর
- লঘুচাপ
- বৃষ্টিপাত
- আবহাওয়া অধিদপ্তর