ঢাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত, সাবেক উপাচার্যসহ দুজনকে তলব
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২১:৪২
শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ছুটি শেষ হলেও কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগে সাবেক উপাচার্যসহ দুই শিক্ষককে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত এবং সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ মঙ্গলবার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি জানান, বরখাস্ত হওয়া দুই শিক্ষকের মধ্যে গত সিন্ডিকেট সভায় আজহার উদ্দিন ভূঁইয়াকে এবং তার আগের সিন্ডিকেট সভায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমানকে বরখাস্ত করা হয়। বহিষ্কারের পর দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তিনি জানান, ছুটি মেয়াদ শেষেও কর্মস্থলে না ফিরলে মাকসুদ কামাল ও শাহরিমা তানজিন অর্নির বিভাগে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হয়। বিভাগ কোনো সদুত্তর দিতে না পারায় তাদেরকে সাত কর্ম দিবসের মধ্যেই রেজিস্ট্রার বরাবর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে প্রশাসন তাদের সাথে কোনো যোগাযোগ করেনি বলেও জানান তিনি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে পরবর্তী সিন্ডিকেটে চার্জ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী।