ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তথ্য অধিকার কমিশনকে কার্যকর করতে ফোরামের ৫ দফা আহ্বান

তথ্য অধিকার কমিশনকে কার্যকর করতে ফোরামের ৫ দফা আহ্বান
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২২:৪৩

তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন এবং নতুন তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা উচ্চ আদালতের বিচারকদের অনুরূপ করা, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং অভিজ্ঞ সচিব নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধিদল নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরে। পরে ফোরামের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়ার প্রত্যয় জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনে দেওয়া ক্ষমতাবলে কমিশন দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে পারে। প্রয়োজনে জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশও করতে পারে।

তথ্য অধিকার ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ। এ কারণে প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের অনুরূপ হওয়া প্রয়োজন। বিভিন্ন সময়ে তাঁদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও এ পদমর্যাদা বাস্তবায়ন জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, পেশাদারির সঙ্গে তথ্য কমিশন পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দ করতে হবে। কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে অভিজ্ঞ ও আইনটির প্রতি সংবেদনশীল একজন পূর্ণকালীন সচিব নিয়োগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে ফোরাম।

বিবৃতিতে বলা হয়, নতুন কমিশনকে স্বাগত জানাচ্ছে তথ্য অধিকার ফোরাম। কমিশন স্বাধীন ও কার্যকরভাবে কাজ করতে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত সংগঠনটি।

বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে আরও যারা একমত পোষণ করেছেন, তারা হলেন- সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন ড. অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×