ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিটিভি-বেতারসহ ১৫ প্রতিষ্ঠান ঢেলে সাজানো হচ্ছে

বিটিভি-বেতারসহ ১৫ প্রতিষ্ঠান ঢেলে সাজানো হচ্ছে
×
×

ছবি: কোলাজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২২:৫৩

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫ প্রতিষ্ঠানকে আরও গণমুখী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর পাশাপাশি একটি একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে অচিরেই উচ্চপর্যায়ের সংসদীয় সাব-কমিটি গঠন করা হবে।

বুধবার জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারকে একীভূতকরণের বিষয়েও আলোচনা হয়। সীমিত জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের প্রশাসনিক ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে এই একীভূতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, আশরাফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান বাবুল, মজিবুর রহমান, ফাহমিদা হক, শফিকুল ইসলাম এবং নাজমুন নাহার অংশ নেন।

বৈঠকে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মানোন্নয়ন এবং দর্শক-শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ লক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহ তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার সরেজমিন পরিদর্শনের সুপারিশ করেছে কমিটি।

এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়ে আলোচনা হয়। এতে বলা হয়, দেশ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল উভয়ই ঐকমত্য পোষণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে এই বিষয়ে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বৈঠকে বিগত শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তুলে ধরা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অন্যায়ভাবে পদোন্নতি থেকে বঞ্চিত ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক 
একই দিন সংসদ ভবনে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ এম মাহবুব উদ্দিনের সভাপতিত্বে সদস্য জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মোস্তাফিজুর রহমান, মাহবুবুল আলম ও নূরুন্নিসা সিদ্দীকা সভায় অংশ নেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম থেকে তৃতীয় অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাসহ কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন ও বৃক্ষরোপণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পানি জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নাগরিক জীবনের প্রতিটি মৌলিক প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

আরও পড়ুন

×