আগামী বছর স্বাস্থ্যখাতে সংকট কাটবে, মিলবে আলোর দেখা: স্বাস্থ্যমন্ত্রী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২৩:২১
আগামী বছর দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান সংকট কাটিয়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ, দক্ষতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে কাজ করছে সরকার। আগামী বছর স্বাস্থ্য খাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে।
আজ বুধবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে চার হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন। এ নিয়োগের মাধ্যমে দেশের চিকিৎসক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
তিনি বলেন, শুধু চিকিৎসকের সংখ্যা বাড়ালেই হবে না, তাদের পেশাগত দক্ষতা ও সেবার মানও বাড়াতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনতে হবে। দক্ষ ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীর সক্ষমতা বাড়ানো জরুরি।
সাখাওয়াত হোসেন বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে। তবে এ অগ্রগতিকে টেকসই করতে স্বাস্থ্যকর্মীর চাহিদা নিরূপণ, জনবল পরিকল্পনা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্ব দিতে হবে। ২০৪০ সাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণবিষয়ক প্রতিবেদন ভবিষ্যৎ স্বাস্থ্য জনশক্তি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত ভারসাম্যহীন। এতে স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে।
তিনি বলেন, আদর্শ স্বাস্থ্যব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা। কিন্তু দেশে প্রায় এক লাখ ছয় হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র এক লাখ নয় হাজার। ফলে স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো সোজা হয়ে সিলিন্ডারে পরিণত হয়েছে। জনবলের অন্যান্য স্তরে ঘাটতি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে চিকিৎসকদের গতানুগতিক কাজের চাপ কমবে এবং কর্মঘণ্টা সাশ্রয় হবে। তবে মেডিকেল কলেজগুলোতে মৌলিক বিজ্ঞানের শিক্ষকের তীব্র সংকট দূর করতে না পারলে চিকিৎসক তৈরির হার বাড়ানো কঠিন হবে। হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিচালনায় দক্ষ স্বাস্থ্য ব্যবস্থাপক তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. রাজেশ নরওয়াল।
- বিষয় :
- স্বাস্থ্যমন্ত্রী