গঙ্গার পানি চুক্তি নিয়ে দুটি চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:৪২
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা প্রতিবেশী দেশের কাছে গঙ্গার চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠিয়েছি। তারা একটি চিঠিরও উত্তর দেয়নি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে নয়, বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে হতে হবে। ভারত বন্ধুত্বের মনোভাব দেখাবে এবং গঙ্গার পানি বণ্টন সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করে বাংলাদেশ।
মন্ত্রী জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই সরকার। দেশের পানিসম্পদ সংরক্ষণ, পানির প্রাপ্যতা বাড়ানো এবং উৎপাদন ও উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, তার সঙ্গে কথা হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি। ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।