ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নতুন শুল্কের প্রস্তাব

কোন খাত নিয়ে কী অভিযোগ যুক্তরাষ্ট্রের

কোন খাত নিয়ে কী অভিযোগ যুক্তরাষ্ট্রের
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২২:০৮

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় বাংলাদেশের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের যে প্রস্তাব করেছে, সেখানে তারা মূলত তিনটি খাতে অন্যায্য চর্চার দাবি করেছে। ইউএসটিআর তাদের তদন্তের ফলাফল উল্লেখ করেছে। বাংলাদেশের বিষয়ে ইউএসটিআরের খাতভিত্তিক পর্যবেক্ষণ এখানে তুলে ধরা হলো–

তৈরি পোশাক ও বস্ত্র 
দেশের সর্ববৃহৎ ও ৮০ শতাংশের বেশি রপ্তানি আয় আনা তৈরি পোশাক শিল্পের বিষয়ে ইউএসটিআরের শুনানি সংক্রান্ত নোটিশে এ খাতের অতিরিক্ত সক্ষমতা ও চীনা কাঁচামাল নির্ভরতার বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। খাতটিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতির সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইউএসটিআরের দলিলে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশ এবং জিডিপির প্রায় ১১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৩ হাজার ৫০০টি পোশাক কারখানা রয়েছে, যার প্রায় সবই রপ্তানিমুখী। বিশ্ববাজারে সস্তা ও শ্রমঘন পোশাক সরবরাহে বাংলাদেশ চীনের পরেই দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে। ২০২৫ সালে মার্কিন পোশাক আমদানির মোট পরিমাণের ১০ দশমিক ৭ শতাংশ যোগান দিয়েছে বাংলাদেশ।

ইউএসটিআরের পর্যালোচনায় দেখা যায়, তৈরি পোশাক খাতের কাঁচামালের ৮০ শতাংশেরই উৎস চীন। কৃত্রিম সুতা, ডাইং রাসায়নিক এবং তৈরি কাপড়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপকভাবে চীনের ওপর নির্ভরশীল। ফলে চীনে উৎপাদিত সস্তা ও ভর্তুকিপ্রাপ্ত কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশে পোশাক তৈরি হচ্ছে এবং তা যুক্তরাষ্ট্রের বাজারে মার্কিন উৎপাদকদের প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে।

২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশে বস্ত্র ও পোশাক খাতের বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৯ শতাংশ। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে এই প্রবৃদ্ধির হার ছিল মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ। দীর্ঘ মেয়াদে মার্কিন বস্ত্র শিল্প সংকুচিত হওয়ার পেছনে বাংলাদেশের এই কৃত্রিম উৎপাদন প্রবৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে দেখছে ইউএসটিআর।

সিমেন্ট শিল্প
ইউএসটিআরের ৩০১ ধারার তদন্তে বাংলাদেশের সিমেন্ট শিল্প সম্পর্কে বেশ কিছু তথ্য ও পর্যবেক্ষণ স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ—এ খাতে অপ্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য নষ্ট করছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ২০ বছরে বাংলাদেশে সিমেন্ট উৎপাদনের বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৩ শতাংশ। ২০০৫ সালে যেখানে বাংলাদেশের সিমেন্ট উৎপাদন ছিল খুব সামান্য, ২০২৫ সালে তা দাঁড়িয়েছে প্রায় ৩৬ মিলিয়ন মেট্রিক টনে। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রে সিমেন্ট উৎপাদনের প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক (মাইনাস শূন্য দশমিক ৯ শতাংশ)।

ইউএসটিআর উল্লেখ করেছে, বাংলাদেশ সিমেন্ট রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা প্রদান করে। রাষ্ট্রীয় সহায়তায় এবং মুক্ত বাজার অর্থনৈতিক চর্চা নেই, এমন দেশ থেকে কাঁচামাল এনে সিমেন্ট খাতের এই কৃত্রিম বিস্তার মার্কিন সিমেন্ট উৎপাদকদের বৈশ্বিক সুযোগ ও বাজার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছে।

চামড়া ও চামড়াজাত শিল্প 
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সম্ভাবনাময় ক্ষেত্র চামড়া ও চামড়াজাত শিল্পের বিষয়েও ইউএসটিআর সতর্কবার্তা দিয়েছে। জুতা, ব্যাগ ও প্রক্রিয়াজাত চামড়া খাতে বাংলাদেশ যেভাবে প্রণোদনা দিচ্ছে, তা বিশ্ববাজারে অন্যান্য দেশের জন্য অসমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ দেশটির।

প্রতিবেদনে বলা হয়, পোশাক খাতের মতো চামড়া খাতেও সরকার নগদ প্রণোদনা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া চীন থেকে চামড়া শিল্পে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং কারখানা হস্তান্তরের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল কারণ। যুক্তরাষ্ট্র মনে করছে, চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বজায় রাখার জন্য বাংলাদেশকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা মার্কিন বাজারে একই জাতীয় পণ্যের দেশীয় সরবরাহকারীদের ক্ষতিগ্রস্ত করছে।

অন্যান্য শিল্প খাত
ইউএসটিআর ওষুধ ও কাঁচামাল রপ্তানিতে বাংলাদেশ ৬ শতাংশ নগদ প্রণোদনা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। ইউএসটিআরের মতে, সরকারের এই সহায়তা বিশ্ববাজারে ওষুধ রপ্তানিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিপরীতে অসম সুবিধা তৈরি করছে। সিরামিক পণ্য রপ্তানিতেও ৬ শতাংশ সরকারি নগদ সাহায্য দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক সিরামিক বাজারে মার্কিন প্রস্তুতকারকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ তাদের।

দেশের ঐতিহ্যবাহী পাট খাত নিয়ে মার্কিন প্রতিবেদনে ভিন্ন এক চিত্র উঠে এসেছে। একদিকে কাঁচা পাটের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে বেসরকারি পাটকলগুলো বন্ধের মুখোমুখি হচ্ছে বলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের বরাতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে প্রক্রিয়াজাত পাটজাত পণ্যে সরকারি প্রণোদনাকে মার্কিন বাণিজ্য নীতির বিপরীত হিসেবে দেখানো হয়েছে।

ব্যাটারি রপ্তানিতে ১০ শতাংশ এবং বাইসাইকেল রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের মুক্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করে দেশটি। বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হালকা প্রকৌশল খাতে চীনা যন্ত্রপাতির বিস্তার ঘটছে। সেলাই মেশিন, নিটিং মেশিনসহ মূলধনি যন্ত্রপাতির বৃহৎ অংশ চীন থেকে আমদানির কারণে মার্কিন যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বাজার হারাচ্ছে বলেও অভিযোগ ইউএসটিআরের।

আরও পড়ুন

×