ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

সনদ জালিয়াতি ও অনিয়ম বন্ধে কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণের পরিকল্পনা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২৩:৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরপরই তাঁদের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের সনদ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতি ও বিভিন্ন অনিয়ম বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর তথ্য ইউজিসিতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে এসব তথ্য সংরক্ষণ করবে। পরে সেই তথ্যের ভিত্তিতে সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে কোন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং তাঁর শিক্ষাজীবনের বিস্তারিত তথ্য কী, তা সহজেই যাচাই করা যাবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠান সনদ বিক্রির সঙ্গে জড়িত। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে সনদ পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি থাকা প্রয়োজন।

তবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় বা শিক্ষক অনিয়মের সঙ্গে জড়িত নন উল্লেখ করে মন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় অনিয়মের ক্ষেত্রগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় হিসেবে না দেখে মানবসম্পদ তৈরির বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে। এই বিনিয়োগের লক্ষ্য হবে মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা।

তিনি বলেন, শিক্ষার দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক তৈরি করা, যাঁরা সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা, যাতে তাঁরা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর হতে পারেন। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ভালো মানুষ ও কাজের মানুষ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

মাহ্দী আমিন জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায় শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, পাঠ্যক্রমকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিতে নিরপেক্ষতা নিশ্চিত করার কাজ চলছে।

শিক্ষায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ হিসেবে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ভুলত্রুটি থাকলে সাংবাদিকেরা তা তুলে ধরবেন। একই সঙ্গে ভালো উদ্যোগগুলোর বাস্তবায়ন ও প্রসারে ইতিবাচক পরামর্শ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের অভিজ্ঞতা ও মতামত কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা খাত নিয়ে দীর্ঘদিন কাজ করার কারণে সাংবাদিকদের এ বিষয়ে গভীর ধারণা রয়েছে। তাই তথ্য-উপাত্ত দিয়ে এবং ভিন্নমত থাকলে তা জানিয়ে তাঁরা মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারেন।

ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ অন্যরা। অনুষ্ঠানে ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন এবং বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×