ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারি কর্মকর্তাদের জন্য আজিমপুরে আরও ৭৬ ফ্ল্যাট

সরকারি কর্মকর্তাদের জন্য আজিমপুরে আরও ৭৬ ফ্ল্যাট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ | ১০:০৩

সরকারি কর্মকর্তাদের জন্য এক হাজার ৮০০ বর্গফুটের ৭৬টি ফ্ল্যাট নির্মাণে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৬০ কোটি ৩০ লাখ টাকা।

গণপূর্ত অধিদপ্তরের আওতায় ঢাকা আজিমপুর সরকারি কলোনির ভেতরে (জোন-এ) এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। কাজটি করবে নুরানী কনস্ট্রাকশন লিমিটেড।

বুধবার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য চারটি প্রস্তাব উত্থাপন করা হয়। অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩৩৯ কোটি ২৮ লাখ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি কোষাগার থেকে ব্যয় হবে ১৬০ কোটি ৩০ লাখ টাকা এবং এডিবি ও দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া ১৭৯ কোটি টাকা।

সরকারি কর্মকর্তাদের আবাসন ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৪ কোটি ৭৩ লাখ টাকায়, সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রি করপোরেশন থেকে ২৫ হাজার টন বাল্ক্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৭ কোটি টাকায়, সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ২৫ হাজার টন বাল্ক্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৭ কোটি ২৯ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়।

অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের 'ইমপ্রুভমেন্ট ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রোড ইন টু এক্সপ্রেসওয়ে উইথ সার্ভিস লেইন বোথ সাইড' প্রকল্প জিটুজির ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কেরিয়া ওভারসিস অ্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশনের মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।



আরও পড়ুন

×