ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোট ভালো হচ্ছে, জয়ের ব্যাপারে আশাবাদী: হাবীব

ভোট ভালো হচ্ছে, জয়ের ব্যাপারে আশাবাদী: হাবীব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০ | ২৩:২১

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ ভালো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। একই সঙ্গে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন ক্ষমতাসীন দলের এ প্রার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন হাবীব হাসান। ভোট দেওয়ার পর মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সাংবাদিকদের ব্রিফিংকালে হাবীব বলেন, আজ আমার জীবনের অত্যন্ত আনন্দের দিন। পরিশ্রমের সফলতার স্বীকৃতির দিন। আমার মতো তৃণমূলের নগণ্য কর্মীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

ভোটের পরিবেশ কেমন দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে এ প্রার্থী বলেন, এখন পর্যন্ত ভোট ভালো হচ্ছে।

প্রচার-প্রচারণায় নেতাকর্মীদের জোয়ার থাকলেও কেন্দ্রে ভোটার কম কেন জানতে চাইলে হাবীব বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে তিনি মনে করেন।

সবশেষে জয়ের বিষয়ে নিজের শতভাগ আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এই প্রার্থী।

আরও পড়ুন

×