অভিজিৎ হত্যা মামলায় আরও দু'জনের সাক্ষ্য
ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০ | ০৯:৪৭
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে আরও দু'জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন।
সাক্ষীরা হলেন- নুর মোহাম্মদ তালুকদার ও সৈয়দ আবুল কালাম। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৫ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এ পর্যন্ত মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
এদিকে গতবছর ১৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এরপর ওই বছরের আগস্টে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
