পররাষ্ট্র সচিবও করোনায় আক্রান্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০ | ০২:৩২
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ফল পাওয়া গেছে।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়। পররাষ্ট্র সচিবের শরীরে এসময় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্র সচিবের নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন।
ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের যোগ দেওয়ার কথা ছিল। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বিষয় :
- পররাষ্ট্র সচিব
- মাসুদ বিন মোমেন
