অভিজিৎ হত্যা: সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০ | ১৩:৩৫
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যপক ডা. সোহেল মাহমুদ।
বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন তিনি। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। পরে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেন। এ নিয়ে মামলায় ৩৪ সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে সস্ত্রীক ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় পর দিন শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
এদিকে গত বছর ১৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম এ মামলায় ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এরপর এই আদালতে গত বছর আগস্ট মাসে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
