ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাংলা চ্যানেল পাড়ি দিলেন সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা মিশু বিশ্বাস

বাংলা চ্যানেল পাড়ি দিলেন সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা মিশু বিশ্বাস
×

মিশু বিশ্বাস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ১০:১৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ | ১০:২২

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস।

সোমবার তিনি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করেন। ১৬ কিলোমিটার সাঁতরে বিকেল ৩টা ৪৮ মিনিটে তিনি সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। একইসঙ্গে সার্জেন্ট রাশেদুল ইসলাম নামে আরেক পুলিশ কর্মকর্তাও সোমবার সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দেন।

মিশু বিশ্বাস সমকালকে বলেন, 'এটা আমার জন্য চমৎকার এক অভিজ্ঞতা। চার মাস আমি সাঁতার শিখেছি। এর আগে আমি সাঁতার জানতাম না। অথচ এত অল্প সময়ে সাঁতার শিখে বাংলা চ্যানেল পাড়ি দিতে পেরেছি। আমি খুবই আনন্দিত যে সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে এই চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছি।'

২০২১ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আয়রন ম্যান প্রতিযোগিতায় অংশ নেবেন পুলিশের এই কর্মকর্তা। এর আগে ২০১৯ সালের নভেম্বরে সিঙ্গাপুর ও ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথনে অংশ নেন মিশু। এ ছাড়াও তিনি গত জানুয়ারিতে কক্সবাজারে অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেন।

১৫তম বাংলা চ্যানেল সাঁতারের এবারের আয়োজনে মিশুসহ প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেন। এর আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। সহ-আয়োজক ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড। প্রধান পৃষ্ঠপোষক ছিল ফরচুন গ্রুপ এবং পৃষ্ঠপোষক ভিসা থিং ও এনসিসি ব্যাংক।

আরও পড়ুন

×