'সাংবাদিক নির্যাতন বাড়ছে'
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ১৩:৪০
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশ জানিয়েছে, প্রশাসনের আস্কারা, নির্লিপ্ততা ও বিচারহীনতায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে।
কুষ্টিয়া ও মুন্সীগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে সোমবার সংগঠনের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বলেন, ক্ষমতার ছত্রছায়ায় থেকে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর অব্যাহত নিপীড়ন চালাচ্ছে। কোনো সংবাদ মনঃপূত না হলেই ঝাঁপিয়ে পড়ছে সংবাদকর্মীর ওপর। অথবা ডিজিটাল কালো আইনে মামলা ঠুকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ প্রায় রুদ্ধ হয়ে গেছে।