বিটিআরসির চেয়ারম্যান হলেন শ্যাম সুন্দর সিকদার
শ্যাম সুন্দর সিকদার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ১০:৩৯
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে কমিশনার নিয়োগ দিয়ে সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১-এর ৯ (১) ধারা অনুযায়ী তাকে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা এবং সব সুবিধাদিসহ একই আইনের ৭(১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচ কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন। শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্বে মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। জহুরুল হক গত ৪ ডিসেম্বর তার মেয়াদ শেষ করেছেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব হিসেবে ২০১৯ সালের ৯ জানুয়ারি অবসরে যান শ্যাম সুন্দর। বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়। পরের বছর ২ মার্চ তিনি সচিব পদে পদোন্নতি পান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব থাকাকালেই ২০১৯ সালের ১ জানুয়ারি তাকে সিনিয়র সচিব করে নেয় সরকার।
এদিকে অন্য আদেশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রাক্তন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু সৈয়দ দিলজার হোসেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য বিটিআরসির কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক আদেশে বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তা ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজকে একই পদে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
- বিষয় :
- বিটিআরসি
- বিটিআরসির চেয়ারম্যান
