ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর নামে মরিশাসে সড়ক উদ্বোধন

বঙ্গবন্ধুর নামে মরিশাসে সড়ক উদ্বোধন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ১০:৫৬

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। সড়কটি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অবস্থিত। বৃহস্পতিবার দুপুরে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন এবং পোর্ট লুইস সিটি কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট'-এর উদ্বোধন করা হয়। খবর বাসস ও ইউএনবির।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারণকৃত ভিডিওবার্তায় বলেন, বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় স্তরে দুর্দান্ত সম্পর্ক উপভোগ করছে। আমাদের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে আমরা একই মূল্যবোধ, নীতি ও আকাঙ্ক্ষা ভাগাভাগি করি। আমরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করি।

তিনি বলেন, বাংলাদেশ মহাসাগর এবং সমুদ্রের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে এবং আমরা এ বিষয়ে মরিশাসের বিস্তৃত অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চাই।

মরিশাসের রাজধানীতে বাঙালি জাতির পিতার নামে সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে মরিশাস সরকার, জনগণ এবং কভিড-১৯ মহামারির মধ্যে যারা এই কাজ করতে পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ২০২০ সালটি আমাদের জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা দেশ-বিদেশে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিববর্ষ' উদযাপন করছি, যিনি শোষণ ও নিপীড়নমুক্ত একটি সুখী এবং সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। এখন আমরা আমাদের পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করছি।

তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট' দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। এটি মরিশাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসঙ্গে পথ চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে মরিশাসের ভাইস প্রাইম মিনিস্টার এবং লোকাল গভর্নমেন্ট অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিষয়কমন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনু অংশ নেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

আরও পড়ুন

×