রাবিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা শুরু ২ জানুয়ারি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০১:০৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ | ০১:১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে। ২০১৯ সালে যারা স্নাতক চতুর্থ বর্ষে ও মাস্টার্সে ছিলেন শুধু তাদেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০১৯ সালে যারা অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সে ছিল তাদের পরীক্ষা ২ তারিখ থেকে শুরু হবে।
তবে ২০২০ সালে যারা অনার্স চতুর্থ বর্ষসহ অন্যান্য বর্ষে উঠেছেন তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান একাডেমিক কাউন্সিলের সদস্য ও ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
শিক্ষায় ক্ষতি পুষিয়ে নিতে এ বছরের শীতকালীন ছুটিও বাতিল করা হয়েছে। কোনো শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন করোনায় আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন হল খোলা রাখা হবে না বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
