ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দ্রব্যমূল্য বৃদ্ধিতে ৭৪ এর পদধ্বনি: মওদুদ

দ্রব্যমূল্য বৃদ্ধিতে ৭৪ এর পদধ্বনি: মওদুদ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৭:২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘটনা প্রবাহে ৭৪ সালের পদধ্বনি দেখছি। ওই সময়ে বাংলাদেশে যে অর্থনৈতিক, সামাজিক অবস্থা ও অস্থিরতা বিরাজ করছিলো, সেই একই পদধ্বনি দেখতে পাচ্ছি। ২০১৯ সালটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা জাতির জন্য দুর্ভাগ্যজনক বছর।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতি থেকে শুরু করে নুসরাত হত্যা, ছাত্রলীগের চাঁদাবাজি ও টেন্ডারবাজি, সেখান থেকে যুবলীগের ক্যাসিনো, এরপরে পেঁয়াজ ও লবণ আর চালের সমস্যা। যে সরকার সামান্য পণ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। আর এখন এধরণের ঘটনা ঘটতেই থাকবে।

সরকারের ব্যর্থতার সমালোচনা করেন মওদুদ আহমদ বলেন, এখনই সময় আপনারা পদত্যাগ করুন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন যাতে এদেশের মানুষ নির্ভয়ে-নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের পছন্দমতো একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারে। এটাই হলো সময়ের একমাত্র দাবি এখন। এটা যদি আপনারা নিজের থেকে না দেন, দেশের মানুষের আদায় করে নেবে।

তিনি বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে আছে বলে মনে হয় না। বিরোধী দলকে দমন করতে গিয়ে তারা সব মানুষের সুখ-শান্তি নষ্ট করে দিয়েছে। এজন্য মানুষের মধ্যে শান্তি নাই। একটার পর একটা সংকট দেখা দিয়েছে। গত নির্বাচনে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি বলেই আজকে দেশে এই নৈরাজ্যেকর অবস্থা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গে তিনি বলেন, যদি জামিনে খালেদা জিয়ার মুক্তি না হয়, তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাজপথে তার মুক্তি। আর দেশের মানুষও এজন্য প্রস্তুত আছে। 

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট আহমদ আযম খান, এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী-খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×