ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রজাতন্ত্রের কর্মচারীদের শাসক হওয়ার সুযোগ নেই: জেএসডি

প্রজাতন্ত্রের কর্মচারীদের শাসক হওয়ার সুযোগ নেই: জেএসডি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ১০:৩৬ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ | ১০:৪৪

বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের দাবির প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সমর্থন জানিয়ে বলেছে, মুক্তি সংগ্রামের রাষ্ট্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনোভাবেই শাসক হওয়ার সুযোগ নেই। সুযোগ আছে কেবল সেবক হওয়ার। শাসক হওয়ার মনোবৃত্তি এবং শাসন করার প্রশাসন ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ছুড়ে ফেলে দেওয়ার জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল, ঔপনিবেশিক শাসন ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য নয়।

রোববার এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার আরও বলেছেন, শক্তিশালী ও স্বশাসিত স্থানীয় সরকার, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং জনপ্রতিনিধিদের নেতৃত্বে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সংবিধানের নির্দেশনা। উপজেলা পরিষদ স্বশাসিত স্থানীয় সরকারের কার্যকর ভিত্তি। নির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধান, আইন ও প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করতে গিয়ে প্রতিমুহূর্তে বিপদের সম্মুখীন হচ্ছেন, ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, যা আমাদের মুক্তি সংগ্রামের চেতনার পরিপন্থি। জনপ্রতিনিধিদের নির্বাহী তদন্তের মাধ্যমে অপসারণ করা সম্পূর্ণ বেআইনি এবং সাংবিধানিক এখতিয়ারবহির্ভূত। স্থানীয় সরকার পর্যায়ের জনপ্রতিনিধিদের পরিকল্পিতভাবে অপসারণ করা জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকেই বিদায় করার পাঁয়তারা।

তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার স্বপ্ন পূরণে ও রাষ্ট্র বিনির্মাণে স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। শক্তিশালী স্থানীয় সরকারের মাধ্যমে স্থানীয় উন্নয়ন এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়। স্বাধীন দেশেও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা লাভ করতে পারছে না ঔপনিবেশিক ও আমলাতান্ত্রিক জটিলতায়, যা খুবই দুঃখজনক। এ ছাড়াও চলমান অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রতিটি উপজেলায় অর্থনৈতিক শিল্পাঞ্চল স্থাপন করে উপজেলাকেন্দ্রিক উন্নয়ন মডেল গড়ে তুলতে হবে।

তারা বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করে তাতে উপজেলা পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্তির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা চালু করতে হবে। এতে গণতন্ত্র বিকাশে যথাযথ পরিবেশ নিশ্চিত হবে।

আরও পড়ুন

×