ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সীতারামের দিঘি ভরাটের ঘটনা তদন্তের নির্দেশ

সীতারামের দিঘি ভরাটের ঘটনা তদন্তের নির্দেশ
×

বরিশালে প্রায় ২০০ বছরের পুরনো সীতারামের দিঘি বালি দিয়ে ভরাট করা হচ্ছে। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ১০:০৮

বরিশাল নগরীর কাশীপুর বাজার এলাকাসংলগ্ন ২০০ বছরের পুরোনো সীতারামের দিঘি বালু দিয়ে ভরাট ও এর মালিকানা দাবির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসক ও স্থানীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালককে এক মাসের মধ্যে এ বিষয়ে তদন্ত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। রুলে ওই দিঘিতে মাটি ভরাট কেন অবৈধ ঘোষণা করা হবে না, এসএ ও আরএস পর্চা ম্যাপ অনুসারে দিঘির ভরাট করা অংশবিশেষ আগের অবস্থায় কেন ফেরত আনা হবে না এবং দিঘিটির চারদিকে পিলার দিয়ে কেন সৌন্দর্যবর্ধন করে সংরক্ষণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বরিশালের জেলা প্রশাসক, স্থানীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।

আদালতে রিটেরপক্ষে শুনানি করেন আইনজীবী হাসান তারিক পলাশ। তাকে সহযোগিতা করেন আইনজীবী আরিফ আহমেদ।

ওই দিঘি ভরাট নিয়ে গত বছর একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। পরে প্রতিবেদনটি সংযুক্ত করে ৬ জুন দিঘির ভরাট রোধে সংশ্লিষ্ট বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। এরপরও নোটিশের জবাব দেননি বিবাদীরা। এ পরিপ্রেক্ষিতে একই বছরের ১৫ সেপ্টেম্বর দিঘিটি রক্ষায় জনস্বার্থে হাইকোর্টে রিট করেন বরিশালের বিভাগীয় পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সংগঠন নাগরিক অধিকারের পক্ষে আইনজীবী সাইমুল ইসলাম রাব্বী। সোমবার ওই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরিশাল নগরীর ২৯ ওয়ার্ডের আওতাধীন কাশীপুর বাজার ছাড়িয়ে গেলে চোখে পাড়বে বৃহৎ আকারের এই দিঘিটি। স্থানীয়ভাবে দিঘিটি সীতারামের দিঘি নামে পরিচিত। এক সময়ে চন্দ্রদ্বীপ রাজবংশ অন্তর্গত এই ২ দশমিক ৯৮ একরের দিঘি ছাড়াও ১ দশমিক ৩৯ একর জায়গায় স্থাপিত হয়েছে ইউনিয়ন ভূমি আফিস, যা একটি বৃহদাকার ভবন নিয়ে গঠিত।

আরও পড়ুন

×