ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সারাদেশে সরকারি হাইস্কুলে ভর্তির লটারি সম্পন্ন

সারাদেশে সরকারি হাইস্কুলে ভর্তির লটারি সম্পন্ন
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ১২:০৪

সারাদেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেন্দ্রীয়ভাবে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় এ লটারি অনুষ্ঠিত হয়। অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি এ লটারি কার্যক্রম উদ্বোধন করেন।

সারাদেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। এসব বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া সব বিদ্যালয় এখনও অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি। এ কারণ এ বছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে।

এ স্কুলগুলোর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-১) মো. আমিনুল ইসলাম টুকু সমকালকে জানান, ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে মোট শূন্য আসন আছে ৭৭ হাজার ১৪০টি। আর এসব আসনে ভর্তির জন্য এবার অনলাইনে আবেদন জমা পড়েছে পাঁচ লাখ ৭৪ হাজার ৯২৯টি। লটারির ফল সোমবারই সংশ্নিষ্ট শিক্ষার্থীদের মুঠোফোনে টেলিটকের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্নিষ্ট স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। লটারির ফল প্রকাশ করা হয় http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে। ভর্তির আবেদন করার সময়ের আইডি দিয়েও ফল জানতে পারবেন।

লটারি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও আরও যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

আরও পড়ুন

×