ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষার প্রস্তুতি চলছে: উপাচার্য

জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষার প্রস্তুতি চলছে: উপাচার্য
×

ফাইল ছবি

জবি প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ১০:১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপাচার্য ড. মীজানুর রহমান। রোববার মোবাইল ফোনে তিনি সমকালকে এ কথা জানান।

উপাচার্য বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয় খোলাই আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় যে পারপাসে খুলছে, সেই পারপাস ইতোমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্সের শেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার জন্য খোলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের এখানে এ পরীক্ষা গত ডিসেম্বরে শুরু হয়ে এখন শেষের পথে। অনেকের পরীক্ষা শেষ হওয়ায় অ্যাপেয়ার্ড সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে।'

ড. মীজানুর রহমান বলেন, 'আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে আছি। এখন আমরা বিশ্ববিদ্যালয় খুলব ক্লাস এবং পরীক্ষা নেওয়ার জন্য। সরকার যখন অনুমতি দেবে, তখন দূরত্ব বজায় রেখে কীভাবে ক্লাস-পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে আমরা ডিনদের সঙ্গে আলোচনা করছি।'

উপাচার্য আরও বলেন, 'আমাদের ক্যাম্পাসের পরিসর ছোট। তাই যেন মাত্রাতিরিক্ত ভিড়াভিড়ি না হয়, তার জন্য ডিনদের সঙ্গে আলোচনা করে রোটেশন করব। এমন রোটেশন করব যে সপ্তাহে পাঁচ দিন পাঁচ ইয়ারের শিক্ষার্থীরা আসবে। যেদিন প্রথম বর্ষ আসবে, সেদিন অন্য কোনো বর্ষ আসবে না।'

ড. মীজানুর রহমান বলেন, 'করোনার কারণে শিক্ষাজীবন যেভাবে বিধ্বস্ত হয়ে গেছে, সেটি পূরণ করতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে আমাদের। যাদের অনলাইনে ক্লাস শেষ হয়ে গেছে, তাদের কিছু রিফ্রেশমেন্ট ক্লাস, প্র্যাক্টিকাল ক্লাস ও পরীক্ষা নিতে হবে। সেই কাজগুলোর জন্য আমরা আলোচনা শুরু করে দিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া যায়, তার প্রাথমিক আলোচনা আমাদের চলছে।'

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খোলার বিষয়ে উপাচার্য বলেন, ছাত্রী হল আমাদের প্রস্তুত আছে। যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তার আগেই ছাত্রীদের একসঙ্গে তোলা হবে। সেখানে ছাত্রীরা কীভাবে উঠবে, তার নীতিমালাও তৈরি করা আছে।

করোনাভাইরাসের কারণে বর্তমানে সীমিত পরিসরে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

আরও পড়ুন

×