বরিশাল বোর্ডে জিপিএ-৫ বেড়েছে প্রায় ৫ গুণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১ | ০৩:৫৭
এইচএসসিতে শতভাগ পাসের ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডে এবছর জিপি-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেড়েছে। এবার মোট পাসের ৮ দশমিক ০৮ ভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবছর জিপিএ-৫ পেয়ে পাস করেছে ৫ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২ হাজার ২৭৪ জন এবং ছাত্রী ৩ হাজার ২৯৪ জন। গত বছর মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১ হাজার ২০১ জন।
বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইণ শনিবার বেলা ১১টায় তার দপ্তরে ২০২০ সালের পরীক্ষার ফল ঘোষণা করেন। এবার মোট পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ৯২০ জন। তার মধ্যে ছাত্র ছিল ৩৪ হাজার ২৭৩ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৬৪৭ জন।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুক্ত হয়ে এই পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।
আগের পরীক্ষার ভিত্তিতে করা মূল্যায়নে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গতবছর এইচএসসি ও সমমানে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬।
- বিষয় :
- এইচএসসির ফল প্রকাশ
- বরিশাল শিক্ষাবোর্ড