রাজধানীর বায়ুদূষণ রোধে হাইকোর্টের ৩ নির্দেশনা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৪২
রাজধানী ঢাকা শহরের বায়ুদূষণ রোধে তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এগুলো হলো- ঢাকা শহরের প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; ঢাকা শহরের সড়কে পানি ছিটানো ও সড়কে পাশের ছোটখাটো গাছে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার করা এবং শহরে পানি ছিটানোর ক্ষেত্রে ঘাটতি হলে সিটি করপোরেশনকে পানি সরবরাহ করা।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
ঢাকার বায়ুদূষণ নিয়ে ২০১৯ সালের ২১ জানুয়ারি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে এ প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন।
ওই রিটের সঙ্গে আরেকটি সম্পূরক আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি নিয়ে তিন দফা নির্দেশনা দেন হাইকোর্ট।
- বিষয় :
- রাজধানী
- বায়ুদূষণ
- হাইকোর্টের নির্দেশনা