ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দেশে আল জাজিরা নিষিদ্ধের দাবি বিএফইউজে'র

দেশে আল জাজিরা নিষিদ্ধের দাবি বিএফইউজে'র
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:১৫

বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ন করে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে একের পর এক প্রতিবেদন সম্প্রচারেরও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে সারাদেশে সাংবাদিকদের সকল সংগঠনকে দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বিএফইউজে নেতৃবৃন্দ বলেন, ‘কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বরাবরই বাংলাদেশ বিরোধী ভূমিকা পালন করে যাচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে তারা। আল জাজিরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ থেকে ৫ লাখ বলেও অপপ্রচার চালিয়েছিল।’

বিএফইউজে নেতারা আরও বলেন, বাংলাদেশে স্বাধীনতার পরে লেখকদের ‘নাস্তিক ব্লগার’ বলে কুৎসা ছড়িয়ে জামাতে ইসলামের রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজেও সক্রিয় ছিল আল জাজিরা। এ ছাড়াও ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াও কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ৫০ জনের অধিক নিহত হয় বলেও আল জাজিরা মিথ্যা সংবাদ প্রচার করে, যার সমর্থনে তারা এখনও পর্যন্ত একটি দালিলিক বা অন্য কোনো প্রমাণও হাজির করতে পারেনি। বিবৃতিতে আরও বলা হয়, বিতর্কিত মুসলিম ব্রাদারহুডের পক্ষে কাজ করা, সন্ত্রাসবাদে মদদ দেওয়া, উগ্র মতবাদ ও সহিংসতা উস্কে দেওয়া ও সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, জর্ডান ও মিশরে আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে বহির্বিশ্বে বাংলাদেশের উজ্জল ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত থাকায় আল-জাজিরাকে বাংলাদেশেও নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

×