সমবায়ের সমস্যা সমাধানে সহযোগিতা করা হবে: প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৪৮ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:০০
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সমবায় সেক্টরের সংকট চিহ্নিত করে তা সমাধানে সহযোগিতা করা হবে।
মঙ্গলবার আগারগাঁওয়ে সমবায় অধিদফতরের সম্মেলন কক্ষে অডিট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমবায় অডিটিং বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষে সমবায়কে সংবিধানে ঠাই দিয়ে মালিকানার দ্বিতীয় খাতে স্বীকৃত দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ খাতের গুরুত্ব দেন।
তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যা করে সমবায়কে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ধ্বংস করা হয়েছে। দীর্ঘ ২১/২২ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সমবায়কে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এ সরকার কাজ করছে। তিনি সমবায় অধিদপ্তরের জেলা পর্যায়ে ০১টি করে সহকারী নিবন্ধক (অডিট) এর পদ সৃষ্টি করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। সমিতি নিবন্ধনের সময় আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ এবং স্বচ্ছতা, বুদ্ধিমত্তা ও সুচিন্তিভাবে নিবন্ধন দেয়া হলে একটি করে সমবায় সমিতি একটি ভালো সংগঠনে পরিণত হবে।
সমবায় অধিদফতরের নিবন্ধন ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, আইন ও বিধি-বিধানের পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছ ও দক্ষ হতে হবে। প্রাচীন কাল থেকে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সমবায় অবদান রাখছে। নবীন প্রজন্মের কাছে সমবায়ের সাফল্য উপস্থাপন করতে হবে। তাহলে যুব সমাজ সমবায়ের প্রতি আরও আগ্রহী হবে।
সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে আরও বক্তব্য দেন- সমবায় অধিদফতরের অতিরিক্ত নিবন্ধক, অঞ্জন কুমার সরকার, কোর্স পরিচালক ও যুগ্ম নিবন্ধক মো. নবীরুল ইসলাম ও উপ-নিবন্ধক মুহাম্মদ গালীব খান প্রমুখ।
