ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খেতাব বিতর্ক অনভিপ্রেত: বাম জোট

খেতাব বিতর্ক অনভিপ্রেত: বাম জোট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৫৬

খেতাব নিয়ে বিতর্ককে 'অনভিপ্রেত' আখ্যায়িত করেছে বাম গণতান্ত্রিক জোট। সেই সঙ্গে তারা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি না করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট নিরসনে মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত ধারায় দেশ পরিচালনা করে খেতাব বিতর্ক সৃষ্টি করা অনভিপ্রেত। এ মুহূর্তে দেশ-বিদেশে বাংলাদেশ নিয়ে আলোচিত ঘটনাবলি থেকে দৃষ্টি সরিয়ে নিতে এ ধরনের বিতর্কের সূত্রপাত করা হয়েছে বলে জনগণ মনে করে। এ ধরনের সিদ্ধান্ত রাজনীতিতে বিদ্যমান বিরোধ ও বৈরিতাকে আরও উস্কে দেবে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ও সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউসিএলবির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

আরও পড়ুন

×