অভিজিৎ হত্যার রায়: চার আসামি আদালতে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০০:০৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০০:১৯
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মামলাটি রায়ের জন্য আদালতের কার্যতালিকায় রয়েছে।
রায় ঘোষণা উপলক্ষে কাশিমপুর কারাগারে থাকা চার আসামিকে আদালতে হাজির করা হয়েছে। দুই আসামি শুরু থেকে পলাতক।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির সাংবাদিকদের বলেছেন, এই মামলায় তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তারা কীভাবে হত্যা করেছেন, তার সব বর্ণনা জবানবন্দিতে আছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, আসামিদের সাজা দেওয়ার মতো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আমরা আসামিদের খালাস দাবি করেছি।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান অভিজিৎ। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
- বিষয় :
- আদালত
- অভিজিৎ রায়
