ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাষ্ট্রায়ত্ত চিনি শিল্প: পাঁচ বছরে লোকসান ৩৯৩৮ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত চিনি শিল্প: পাঁচ বছরে লোকসান ৩৯৩৮ কোটি টাকা
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:০৭

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) গত পাঁচ বছরে তিন হাজার ৯৩৮ কোটি ৮০ লাখ টাকা লোকসান দিয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির আয় হয়েছে তিন হাজার ১৪৭ কোটি ২২ লাখ টাকা। ব্যয় হয়েছে সাত হাজার ৮৬ কোটি দুই লাখ টাকা।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বিএসএফআইসির লোকসানের ৮টি কারণ চিহ্নিত করা হয়েছে। কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একেএম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং শফিউল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে চিনি শিল্পের লোকসানের কারণ হিসেবে উল্লেখ করা হয়- উৎপাদন খরচের চেয়ে বিক্রয়মূল্য কম হওয়া; বিশ্বব্যাপী চিনির দাম কমে যাওয়া; পুঞ্জীভূত ঋণ ও সুদের পরিমাণ অনেক বেশি হওয়া; মানসম্পন্ন আখ না পাওয়া; পোকা ও রোগবালাই প্রতিরোধে সক্ষম আখের জাত উদ্ভাবন না হওয়া; কারখানাগুলো দীর্ঘ দিনের পুরোনো ও জরাজীর্ণ হওয়া; বেসরকারি খাতে আমদানিকৃত 'র'সুগার থেকে রিফাইন্ড সুগার উৎপাদন করে কম মূল্যে বাজারজাত করা; আখ ও চিনির মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে ক্রমাগত লোকসান, ব্যাংক ঋণ নিয়ে পরিচালনার কারণে ঋণের সুদ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খরচ বৃদ্ধি এবং চিনি সংগ্রহের হার কমে যাওয়া।

সরকারি এ প্রতিষ্ঠানটি ২০১৫-১৬ অর্থবছরে ৫২৫ কোটি ৮৯ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৮৩৩ কোটি ৫১ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬ কোটি ৪৯ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৯৩৩ কোটি ৮০ লাখ টাকা লোকসান দিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বর্তমানে দায়-দেনার পরিমাণ আট হাজার ৮৪৮ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে ব্যাংক ঋণ সাত হাজার ১৯৭ কোটি ৬২ লাখ টাকা, ডিএসএল ও পাকিস্তানি ঋণ ৯৬৫ কোটি ৯৯ লাখ টাকা, আখের দাম ৩৩ কোটি ৭০ লাখ টাকা, বেতন বাকি ৯২ কোটি ৩ লাখ টাকা, প্রভিডেন্ট ফান্ড খাতে ১০৭ কোটি ৭০ লাখ টাকা, গ্র্যাচুইটি ২৫৪ কোটি ১৩ লাখ টাকা, সরবরাহকারীদের পাওনা ১৩৮ কোটি ৭৪ লাখ টাকা, আয়কর ১১ কোটি ৬৬ লাখ টাকা, ভ্যাট ৯ কোটি টাকা, ডিলার জামানত ৩৭ কোটি ৭৫ লাখ টাকা। এতে জানানো হয়, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে বর্তমানে মোট পদসংখ্যা ১৭ হাজার ২৬৩। এর মধ্যে শূন্য রয়েছে ছয় হাজার ৩১টি পদ।

আরও পড়ুন

×