৬ জেলায় সড়কে ঝরল ৬ প্রাণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৯:২১ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০৯:৩৪
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশ সদস্যসহ দিনাজপুরের বীরগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগর, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, টাঙ্গাইলের ঘাটাইল ও ফেনীর সোনাগাজীতে ছয়জন নিহত হয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো খবর :
বাজিতপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম (২০) পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার পিরিজপুরের আমলিতলায় এ ঘটনা ঘটে। জাহিদুল গাজীপুরের শ্রীপুরের নোয়াগাঁওয়ের আব্দুল গণির ছেলে। বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান জানান, জাহিদুল বাজিতপুর থানার পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে পিরিজপুরে পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় একটি পিকআপ ভ্যান জাহিদুলকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে মুন্নাফ ইসলাম নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নাফ ইসলাম উপজেলার শতগ্রাম ইউনিয়নের পশ্চিম দেবারুপাড়া গ্রামের মিজানুর ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল মুন্নাফ। এ সময় একটি গোবর সার বোঝাই ট্রাক্টর যাওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে পেছাতে থাকে। পরে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুন্নাফের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার পশ্চিম বাড়ান্দিতে ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু জুনায়েদ (৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পশ্চিম বাড়ান্দির বিলস্নাল হোসেনের ছেলে। উত্তেজিত জনতা এ সময় ঘটনাস্থলে থাকা খান ব্রিপের দুইটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পূর্বেই ট্রাক দুটি পুড়ে ছাঁই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আন্দুলবাড়িয়ার খান ব্রিপের দুইটি ট্রাক্টর রায়পুর ইউনিয়নের পশ্চিম বাড়ান্দির মাঠ থেকে মাটি পরিবহন করছে। দুপুরে একটি ট্রাক্টর দ্রুতগতিতে মাটি পরিবহনকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু জুনায়েদ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে লরি চাপায় প্রিতম মিয়া (১১) নামে এক পিইসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার ভাই প্রভাত মিয়া (৪)। বৃহস্পতিবার উপজেলার সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামে এই দুর্ঘটনটি ঘটে। প্রিতম মিয়া সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ঘাটাইল (টাঙ্গাইল) : ঘাটাইলে বৃহস্পতিবার সন্ধায় টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মণশাষন নামক স্থানে বাসচাপায় অজ্ঞাতনামা এক মহিলা নিহত হয়েছেন। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তুহিন পরিবহনের একটি বাস উপজেলার ব্রাহ্মণশাষন নামক স্থানে সড়ক পার হওয়ার সময় ওই মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সোনাগাজী (ফেনী) : সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বুধবার রাতে মোটর সাইকেল চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন জানায়, লোকটি মানষিক ভারসাম্যহীন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর রাস্তার পাশে বসে থাকা অবস্থায় একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই ব্যক্তি নিহত হয়।
কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছে ১জন। নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি আবুল কালাম। নিহত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম(৫৫)। নিহত হামিদুল মিরপুর ক্যানালপাড়া এলাকার ওহাবের ছেলে। অপর একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর নওদাপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দুইজনই ইজিবাইকের যাত্রী ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা