প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের আলোচনা সভায় বক্তারা
প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগের অভাবে করোনাকালে জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১ | ১০:৪৫
প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগের অভাবে করোনাকালে মানুষের জীবন-জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে মুনাফাসর্বস্ব মুক্তবাজার অর্থনীতির নামে সম্পদ ও পুঁজির কেন্দ্রিকরণ প্রক্রিয়ায় বৈশ্বিক প্রাণ-প্রকৃতিকে বিপর্যস্ত ও নিঃস্ব করা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের জীবনকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মহামারি করোনা। আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে উন্নয়ন কাঠামোর অন্তঃসারশূন্যতা।
প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে শনিবার দুপুরে 'প্রাণ প্রকৃতির ওপর করোনার প্রভাব এবং চলমান উন্নয়ন পরিকল্পনা' শিরোনামে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের আহ্বায়ক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আমাদের পূর্ণ রেশনিং ব্যবস্থা ছিল যা বৈশ্বিক উন্নয়ন মডেল এবং তার কর্তাদের কারণে বিলীন হয়ে গেছে। আমাদের পূর্ণ রেশনিং এর ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে। কার্যকরী লকডাউনের জন্য সরকারকে প্রথমে খাদ্য আবাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, করোনা সংকটের ফলে ব্যাপক চাকরিচ্যুতির কারণে জনসংখ্যার একটি বিশাল অংশ আর্থিক সংকটের মুখে পড়েছে। করোনা রোগীরা যারা বেঁচে ফিরছেন তাদের চিকিৎসার জন্য ব্যাপক অর্থব্যয় করতে হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ দূষণের সহায়ক উন্নয়ন কার্যক্রম বিষয়ে নীতিগত কোনো পরিবর্তন আসেনি। কোভিডের প্রথম দিকে বায়ূদূষণ অনেকটা কমে এলেও এখন আবার বায়ুদূষণ কোভিড পূর্ববতী অবস্থায় উপণীত হয়েছে।
