ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মহীন পরিবহন শ্রমিকদের সহায়তা দিন :স্কপ

কর্মহীন পরিবহন শ্রমিকদের সহায়তা দিন :স্কপ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২১ | ০৯:২৮

করোনায় কর্মহীন গণপরিবহন শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান এবং গণপরিবহন চালু হলে শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা ও ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

রোববার এক বিবৃতিতে স্কপ নেতারা বলেন, লকডাউনে গণপরিবহন শ্রমিকরা কর্মহীন ও উপার্জনহীন হয়ে চরম অর্থনৈতিক কষ্টের মধ্যে দিনযাপন করছেন। বর্তমান পরিস্থিতিতে ঋণ পাওয়াও দুরূহ। ফলে শ্রমিকরা পরিবারের সদস্যদের খাবার জোগাড় করতেই পারছেন না। তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

নেতারা বলেন, গণপরিবহন চালু করা হলে শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাস্ক-স্যানিটাইজার সরবরাহের পাশাপাশি ঝুঁকিভাতা প্রদান করতে হবে। কোনো শ্রমিক করোনা আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা ও চিকিৎসাকালীন মজুরি নিশ্চিত করতে হবে। টার্মিনালগুলোতে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের দোকান স্থাপন এবং পরিবহন শ্রমিকদের মধ্যে রেশনমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন স্কপের যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরী, স্কপ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, শাহ মো. আবু জাফর, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, শামীম আরা, ডা. ওয়াজেদুল ইসলাম খান, চৌধুরী আশিকুল আলম, নঈমুল আহসান জুয়েল, শাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, ফিরোজ হোসেন, পুলক রঞ্জন ধর প্রমুখ।

আরও পড়ুন

×