ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তাড়াশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা

তাড়াশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০২:০৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের শিবপুর গ্রামে শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সাথী খাতুন (২০)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। সাথীর বাবা জমির উদ্দিনের দাবি, যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করা হয়েছে। 

স্থানীয়রা জানান, বছর দুই আগে তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের জমির উদ্দিনের মেয়ে সাথী খাতুনের সঙ্গে একই উপজেলার শিবপুর গ্রামের আফসার আলীর ছেলে মোস্তাকিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে যৌতুকের টাকা নিয়ে বিরোধ চলছিল। 

সাথীর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সোমবার রাতে সাথীর স্বামী মোস্তাকিম রাতের খাবার খেয়ে স্থানীয় বাজার যান। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাথীর নিথর দেহ ঝুলছে।

তবে সাথীর বাবা জমির উদ্দিন বলেন, বিয়ের সময় এক লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকি ৫০ হাজার টাকার জন্য প্রায়ই সাথীর ওপর নির্যাতন চালাত জামাই। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আরও পড়ুন

×